বান্ধবীর জন্মদিনের পার্টি উপলক্ষে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ধর্ষণের অভিযোগে সেই বান্ধবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মহারাষ্ট্রের ঠাণে জেলার বদলাপুরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বুধবার গভীর রাতে বদলাপুরের শিরগাঁও এলাকায় বান্ধবী আলিষ্কা ওরফে ভূমিকা রাজেন্দ্র মেশরামের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। আলিষ্কাই নিজের ফ্ল্যাটে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই পার্টিতে ছিলেন সন্তোষ শিবরাম রূপাভাতে ও শিবম সঞ্জয় রাজে। সন্তোষের বয়স ৪০ বছর, শিবমের ২৩ এবং আলিষ্কার বয়স ২০ বছর।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পার্টি শেষ হয়ে যাওয়ার পরও আলিষ্কার ঘরে বসে মদপান করছিলেন সন্তোষ এবং শিবম। ভুক্তভোগী তরুণী নিজের অস্বস্তির কথা জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে চান। সে সময়ে ওই তরুণীকে একটি লেমোনেড খেতে দেন আলিষ্কা।
ওই তরুণী থানায় অভিযোগ করে জানিয়েছেন, ওই লেমোনেডে মাদক মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছিল। ওই পানীয় পান করে অচেতন হয়ে পড়েন তিনি। এর পরেই বাথরুমে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন উপস্থিত দুইজনের একজন। তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান তারা। এই ঘটনায় তরুণীর বান্ধবীসহ তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।