গোপনে বড় হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই ছেলে। তাদের মা সাবেক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভা। দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
খবরে দাবি করা হয়, পুতিন এবং কাবায়েভারের দুই ছেলের একজন ইভান, যার বয়স নয় বছর; আরেকজন ভ্লাদিমির জুনিয়র, যার বয়স পাঁচ বছর। দোসিয়ের সেন্টার জানিয়েছে, পুতিনের দুই ছেলে বেশিরভাগ সময় মস্কোর উত্তর-পশ্চিমে লেক ভালদাইয়ের কাছে তাদের বাবার বিশাল প্রাসাদে কাটায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই ছেলেকে গভর্নেস, আয়া, শিক্ষক এবং ক্রেমলিন ফেডারেল গার্ডের কর্মকর্তারা সবসময় পাহারা দিয়ে রাখে। তাদের বেশিরভাগ একা বা প্রাপ্তবয়স্কদের সাথে খেলতেই চলে যায়। ভালদাই আবাসনের কর্মীদের একজন সদস্যের সহায়তায় এই প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ছেলে কেবল গভীর রাতে তাদের বাবা-মাকে দেখতে পায়। তাদের পরিবারে দুটি পোনি, খরগোশ এবং একটি সেন্ট বার্নার্ড কুকুর রয়েছে যা ক্রেমলিনের রক্ষীরা যত্ন করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইভান ২০১৫ সালে সুইস শহর লুগানোর সান্ত'আনা মাতৃক্লিনিকে জন্মগ্রহণ করেছে, আর ভ্লাদিমির জুনিয়র মস্কোতে ২০১৯ সালের জন্মগ্রহণ করেছে।
তবে পুতিনের মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮) নামে দুই মেয়ের কথা অবশ্য সবাই জানেন। মেয়েদের সঙ্গে পুতিনের ছবিও প্রকাশ হয়েছে। তাদের মা লুদমিলাকে পুতিন বিয়ে করেছিলেন ১৯৮৩; আর বিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে।
দোসিয়ের সেন্টার দাবি করেছে, পুতিন ও কাবায়েভার সম্পর্ক শুরু হয়েছিল ২০০৮ সালে। তখনও লুদমিলার সঙ্গে বিচ্ছেদ হয়নি রুশ প্রেসিডেন্টের। এর আগে গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে পুতিন ও কাবায়েভা তাদের সন্তানদের জন্য বিশাল বাংলো কিনেছেন বলে দাবি করা হয়েছিল।