রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানকে। শনিবার (৭ সেপ্টেম্বর)
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার
স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে
১৯৯৯ সালে স্নাতক (সম্মান) ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০১১ সালে তিনি ফ্রান্সের লিওঁ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি
অর্জন করেন। পরে তিনি বেলজিয়াম থেকে পোস্ট ডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন।
এর আগে তিনি ২০০৪ সালে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে বিভাগে যোগ
দেন ও ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। এছাড়াও তিনি জাপানের
কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলার ও
ভিজিটিং প্রফেসর ছিলেন। বিভিন্ন জার্নালে ও অন্যান্য প্রকাশনায় তাঁর প্রায়
৯০টি প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে।