ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েললি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৬২ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ৬১ ফিলিস্তিনি নিহত এবং ১৬২ জন আহত হয়েছেন। ফলে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৯৩৯ জনে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এ ছাড়া গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৯৪ হাজার ৬১৬ জন আহত হয়েছেন। পাশাপাশি বিধ্বস্ত ভবনের নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এরপরই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েল।