ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সন্ধানে থাকা আরিনা সাবালেঙ্কার সামনে শনিবার রাতে ইউএস ওপেন নারী এককের ফাইনালে প্রতিপক্ষ মার্কিন ধনকুবের টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলা।
ধনকুবেরের মেয়ে হলেও টেনিসে নিজ যোগ্যতাতেই ফাইনালে উঠেছেন পেগুলা। সেমিফাইনালে পেগুলা ১-৬, ৬-৪, ৬-২ গেমে হারান চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভাকে। ৩০ বছর বয়সী পেগুলা এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন।
সাবালেঙ্কা গেল দুবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী। গেলবার ইউএস ওপেনের ফাইনালে উঠে কোকো গফের কাছে হেরেছিলেন। আজ রাতে ফাইনালে যেই জিতুক নতুন রানি পেতে যাচ্ছে ইউএস ওপেন।
ফাইনালের প্রতিপক্ষ সাবালেঙ্কাকে নিয়ে পেগুলা বলেন, 'এটা প্রতিশোধের সুযোগ। তবে তাকে হারানো কঠিন।' এর আগে সিনসিনাটি ওপেনে সাবালেঙ্কার কাছেই শিরোপা হাতছাড়া করেন পেগুলা।
পেগুলা আরও বলেন, 'আপনি যদি আমাকে বছরের শুরুতে বলতেন যে আমি ইউএস ওপেনের ফাইনালে থাকবো, বিষয়টি হাঁসি দিয়ে উড়িয়ে দিতাম।'
সাবালেঙ্কা দুই নম্বর বাছাই, পেগুলা ছয় নম্বর। সেমিফাইনালে সাবালেঙ্কা এমা নাভারোর সঙ্গে প্রথম সেট জয়ের পর দ্বিতীয়টি জেতেন টাইব্রেকারে (৬-৭, ৭-৬ (৭/২)।
ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।