নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের নেতাকর্মীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজনের সঙ্গে উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল মিয়ার লোকজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষের বাড়িঘরে ও গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
আলী আহমেদ অভিযোগ করে বলেন, ‘উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় প্রাইভেটকার ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’
পাল্টা অভিযোগ করে বাবুল মিয়া বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এলাকায় আমরা পোস্টার লাগাই। কোন কারণ ছাড়াই ওই পোস্টার ছিড়ে ফেলে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।’
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘দলের ভেতর কিছু অনুপ্রবেশকারী এসব ঘটনা ঘটাচ্ছে। এ ব্যাপারে দলীয় ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের হোসেন বলেন, ‘ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’