রাজধানীতে ফাঁকা বাসায় পড়েছিল বৃদ্ধের লাশ

রাজধানীর কলাবাগান নর্থ রোডের ভূতের গলির একটি বাসার নিচতলা থেকে মোস্তফা কামাল উদ্দিন আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে নর্থ রোডের ৫৪/১ বাড়ি নিচ তলার একটি রুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ জানান, নিজ বাড়িটিতে একাই থাকতেন ওই ব্যক্তি। তার স্ত্রী অনেক বছর আগে মারা গেছেন। শনিবার সন্ধ্যায় বাসার কেচিগেট ভেঙে লাশটি উদ্ধার করা হয়। তার সন্তানদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

আইনি প্রক্রিয়ার শেষের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।