সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার ( চার সেপ্টেম্বর) উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি ও বিএনপির সিনিয়র নেতাদের মারধরের অভিযোগ ওঠে এই ছাত্রদল নেতৃদ্বয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দিন রাতে দৌলতপুর থানায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল ।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে দুই ছাত্রদল নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। কোন ব্যক্তির শৃঙ্খলা ভঙ্গের দায় দল নেবে না। বিষয়টি সংগঠনের অন্যদের জন্যও একটা বার্তা হয়ে থাকলো।’