মাদ্রাসার টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫০ 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রায় বাঙালি শাহজালাল দাখিল মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির লোকজনের সাথে গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, রায় বাঙালি গ্রামের রায় বাঙালি শাহজালাল দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সাথে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে সকালে মাদ্রাসায় বৈঠকে বসে উভয়পক্ষ। বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী দেশ রূপান্তরকে জানান, মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।