গুলশানে ব্যাংক ডাকাতিচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১০

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় গতকালই একটি মামলা করা হয়েছে। আজ গ্রেপ্তারদের আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ। তিনি বলেন, ব্যাংক ডাকাতির চেষ্টার সময় আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি। আল্লাহর রহমতে অনেক বড় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছি সময়মতো পৌঁছানোর কারণে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আগামীকাল (আজ) আদালতে তোলা হবে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা গণমাধ্যমকে জানিয়েছেন, রাত ১টার দিকে হঠাৎ করে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতির চেষ্টা চালালে খবর পেয়ে সেখানে ছুটে আসেন যৌথবাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।