রূপগঞ্জে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী ও শিশুকন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শনিবার ভোরে তারাব পৌরসভার তেতলাব এলাকায় শহীদ মিজির ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকসানা বেগম (৩২) ও জান্নাতের (৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত নুর জামাল পলাতক।

নিহত রোকসানা বরিশালের তরিকাটা গ্রামের আমতলী থানার শাজাহান হাওলাদারের মেয়ে। তার ভাই হাসান জানান, ৮ বছর আগে রোকসানা আদমজী ইপিজেডে কাজ করার সময় নুর জামালের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। গত শুক্রবার নুর জামাল ও রোকসানা বেগমের মধ্যে ঝগড়া হয়। এরপর যথারীতি তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোর সোয়া ৫টায় নুর জামাল আমাকে ফোন করে রোকসানা গুরুতর অসুস্থ বলে জানায়। তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। আহত জান্নাত কাতরাচ্ছে।