চীন-ফিলিপাইনে পর ভিয়েতনামে ইয়াগির তাণ্ডব, তিন দেশে নিহত ৩১

চীন এবং ফিলিপাইনের পর এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘ইয়াগি’ভিয়েতনামে আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে ঝড়টি আঘাত হানার পর থেকে ভিয়েতনামে কমপক্ষে সাতজন নিহত এবং ডজন খানেক আহত হয়েছে।

এদিকে এই ঝড়ের প্রভাবে দক্ষিণ চীনের হাইনান দ্বীপে চারজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, দেশটিতে সুপার টাইফুন ইয়াগির আঘাতে ২০ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ২২ জন।
এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড়ের কারণে তিন দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ভিয়েতনামে ইয়াগির প্রভাবে অব্যাহত ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইয়াগি ভিয়েতনামের কাছে আসার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পৌঁছে। উত্তরের উপকূলীয় শিল্পাঞ্চল শহর হাইফংয়ে স্থানীয় সময় দুপুরে এটি আঘাত হানে। এছাড়া ইয়াগি ভিয়েতনামের উপকূলীয় প্রদেশে ১৩ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউইয়ের সৃষ্টি করে। সমুদ্রে থাকা অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকা। পরিস্থিতি অনুকূলে এলে রবিবার থেকে নিখোঁজদের উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার।