ভারতের লক্ষ্ণৌতে ভবন ধসে নিহত ৮

ভারতের লক্ষ্ণৌ শহরে একটি তিনতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আটজনের মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লক্ষ্ণৌর পরিবহন নগর এলাকায় একটি তিনতলা ভবনের আবাসন গোডাউন ও একটি মোটর ওয়ার্কশপ ধসে পরে। এ ঘটনায় আহত হয়েছে ২৮ জন। আহতদের জেলার লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও মানুষ সেখানে আটকে আছেন কী না, তা নিশ্চিত নয়। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কিনা সে লক্ষ্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এবং ধসের ঘটনার সময় কিছু নির্মাণ কাজ চলছিল। শনিবার বিকেলে যখন এ ঘটনা ঘটে তখন বেশিরভাগ হতাহতরা নিচতলায় কাজ করছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ এবং গুদাম, প্রথম তলায় একটি মেডিকেল গোডাউন এবং দ্বিতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিল। আহতদের একজন জানান, ধসের আগ মূহুর্তে ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল।