সিরাজগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান, তার বড় ভাই তারেক রহমান, একই গ্রামের মৃত নুর বক্সর ছেলে রেজাউল করিম ও তার ভাই আব্দুল মজিদ। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। নিহত অন্য দুজনের নাম পরিচয় জানা যায়নি।  হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানান, রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হন তিনজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই আরও দুইজন মারা যায়। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।