কখনও কথা বলার জন্য, কখনও আবার পোশাকের জন্য; পান থেকে চুন খসলেই ট্রলিংয়ের শিকার হন মধুমিতা সরকার! এই বিষয়ে এবার সমাজমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী।
এক ভিডিও পোস্টে মধুমিতা জানান, ঠিক কোন কাজটা করা উচিত, তিনি বুঝে উঠে পারছেন না। যা-ই করছেন, তাতে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
তিনি বলেন, ‘আমি এখন ইংরেজিতে কথা বলছি। এই দেখে লোকে বলবে, ‘দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয়?’ আবার স্পষ্ট বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করবেন, তারা কিছু বুঝতেই পারছেন না। শাড়ি পরে ছবি দিলে বলবে, ‘সারা দিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে!’
অভিযোগ তুলে মধুমিতা বলেন, ‘এত কথা বলছি বলে বলা হবে, আমি নাটক করছি। আবার ধীরে কথা বললে বলা হবে, ন্যাকামি করছি।’
পূজা করার ধরন নিয়েও তাকে কটাক্ষ করা হয়। তার কথায়, ‘পূজা করলেও বলা হবে নাটক করছি। আমাদের নারীদের সব সময় কটাক্ষ করা হবে।’
সমাজে একাকী নারীর অবস্থান নিয়েও খোঁচা দেন মধুমিতা। তার কথায়, ‘কাল যদি আমাকে কেউ হেনস্থা করে, তা হলে লোকে বলবে, ‘আরে ও তো বিবাহবিচ্ছিন্না! ও একা থাকে। বিবাহবিচ্ছিন্না আর একা থাকি বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে?’ এমন একাধিক প্রশ্ন তোলেন তিনি।
ভিডিওর শেষে মধুমিতা স্পষ্ট জানান, এবার থেকে নিজের পোস্টের মন্তব্য বিভাগের দিকে তাকাবেন না তিনি।