ফিলিস্তিনের পশ্চিমতীর ও জর্ডানের মধ্যে সীমান্ত ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় ৩ বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৮ সেপ্টেম্বর) অ্যালেনবি ব্রিজ সীমান্তের কাছে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ওই বন্দুকধারী হঠাৎ একটি ট্রাকে করে জর্ডানের দিক থেকে কিং হোসেন ব্রিজের কাছে (যা অ্যালেনবি ব্রিজ ক্রসিং নামেও পরিচিত) ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর চৌকিতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৩ ইসরায়েলি প্রাণ হারায়।
এদিকে আরব নিউজের খবরে বলা হয়, হামলার পর ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) পাল্টা গুলিতে নিহত হন ওই বন্দুকধারীও।তবে তার পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল।
আইডিএফের দাবি, হামলাকারীর গুলিতে নিহত তিনজনই ইসরায়েলি বেসামরিক নাগরিক। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেসকিউ সার্ভিস জানিয়েছে, নিহত তিনজনের বয়স ৫০ বছর।
অ্যালেনবি ক্রসিংটি মূলত ইসরায়েলি, ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক পর্যটকরা ব্যবহার করেন। ইসরায়েল-অধিকৃত পশ্চিমতীরে হামাসের গত ৭ অক্টোবর গাজা থেকে হামলা চালানোর পর থেকে সেখানে সহিংসতা বেড়েছে। ইসরায়েল ফিলিস্তিনের ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় প্রায় প্রতিদিন সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং সেখানে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি হামলার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।