ট্রেন চালানোর জন্য ৩ চালকের সংঘর্ষ, ভিডিও ভাইরাল

দুরন্ত গতিতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সেমি হাইস্পিড ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে অভিজ্ঞতা বেশ ভালোই। তবে কখনও কখনও ছাদ থেকে পানি পড়া বা খাবারের মান নিয়ে বিতর্ক-সমালোচনা হয়েছে। তবে এবার বন্দে ভারতে যে সমস্যা হলো, তা কল্পনাও করতে পারেনি কেউ। যাত্রীদের মধ্যে নয়, তর্কাতর্কি-মারামারি বেধে গেল চালকদের মধ্যেই। ট্রেন কে চালাবে, তা নিয়েই এই সংঘর্ষ।

আগ্রা থেকে উদয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেসে এমন আজব ঘটনা ঘটেছে, যেখানে দুই লোকো চালকের মধ্যে ঝগড়া, হাতাহাতি বেধে গেল ট্রেন চালানো নিয়ে। এ বলে ‘আমি ট্রেন চালাব’, ও বলে, ‘তুই সর, আমি চালাব’! এই নিয়ে ট্রেনের দরজার সামনেই হাতাহাতি। 

চালকের কেবিন ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলে, জানালা দিয়েই জোর করে ভিতরে ঢুলে যান অনেকে। আবার ঘাড় ধাক্কা দিয়ে এক লোকো চালককে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়ে দিতেও দেখা যায়। ধস্তাধস্তি, মারপিটে ভেঙে যায় গার্ড রুমের দরজার লক ও গ্লাস উইন্ডোপ্যান।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই উদ্বোধন হওয়া নতুন রুটের এই ট্রেন চালানোর দায়িত্ব কার কাঁধে থাকবে, তা নিয়ে রেলওয়ের অন্দরেই সংশয় তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য রেলওয়ে, উত্তর-পশ্চিম রেলওয়ে ও উত্তর রেলওয়ে- তিন বিভাগই তাদের কর্মীদের নির্দেশ দেন আগ্রা-উদয়পুর বন্দে ভারত এক্সপ্রেস চালানোর। তিন বিভাগের লোকো চালকই হাজির হন ডিউটিতে। এবার কে ট্রেন নিয়ে যাবেন, তা নিয়েই তর্ক লেগে যায়।

ট্রেন চালানো নিয়ে এই মারপিট হয়েছে আগ্রা ও কোটা রেলওয়ে ডিভিশনের লোকো চালকদের মধ্যে।  জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর উদ্বোধনের পর থেকে প্রতিদিনই এই ঝামেলা হচ্ছে। আসলে এই রুটের বন্দে ভারত ট্রেনটি তিনটি ভিন্ন রেলওয়ে জোনের উপর দিয়ে যায়। সেই কারণেই যাবতীয় বিভ্রান্তি।