ঢাবির সলিমুল্লাহ হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও শহীদদের জন্য দোয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মেধার ভিত্তিতে সিট বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে হল অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় এ সভার আয়োজন করা হয়।

পরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এসময় আবাসিক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষার্থীরা হলে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা, হলের প্রতিটি কর্নারে সিসিটিভি লাগানো, হলের সার্বিক নিরাপত্তায় ডিজিটাল গেইট নির্মাণ, লাইব্রেরি ও রিডিংরুমে এসির ব্যবস্থা, ভাঙা দরজা ও জানালার সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ করা, হলের মসজিদকে নিয়মিত পরিষ্কার রাখা, হলের সৌন্দর্য বৃদ্ধি করা, দ্রুত ডাইনিং চালু করা, ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানান।

457059315_1032742451739125_3072283513862495946_n

এসময় হল প্রভোস্টও শিক্ষার্থীদের এসব দাবিকে সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে গত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ছাত্র বরাদ্দ বন্ধ রয়েছে। এটি আবারও নিয়মিত চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। হল প্রভোস্ট বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

সার্বিক বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আমরা হলে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্ররাজনীতি বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে সিন্ডিকেটের মাধ্যমে এটির বাস্তবায়ন করা হবে। এছাড়া মেধার ভিত্তিতে সিটবণ্টন এবং হলের সকল কর্মকাণ্ডে শিক্ষার্থী প্রতিনিধি রাখার সিদ্ধান্ত নিয়েছি।

457612322_1442498013077074_46874632592891991_n

তিনি আরও বলেন, আজকে আমরা আন্দোলনে শহিদ ও আহদের স্মরণে দোয়া অনুষ্ঠান এবং মোমবাতি প্রজ্বলন করেছি। এসএম হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেছি। তাদের সব দাবি শুনেছি। সবাই মিলে একটি স্মার্ট হল গড়তে চাই।