জার্মানি নেদারল্যান্ডসের পাঁচ গোল

ইউরো ২০২৪ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অভিজ্ঞ চার ফুটবলার। তাদের ছাড়া প্রথম ম্যাচে জার্মানি কেমন খেলে, তা নিয়ে কৌতূহল ছিল। উয়েফা নেশনস লিগে জার্মানি দারুণ শুরুই করেছে। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে জার্মানি ৫-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। একটি করে গোল করেছেন পাঁচ ফুটবলার।

ইউরোর পর অবসরে গেছেন জার্মানির টমাস মুলার, টনি ক্রুস, ম্যানুয়েল নয়্যার, ইকাই গুনদোয়ান। শনিবার প্রথমার্ধে নিকলাস ফুলক্রুগ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে চার গোলের দেখা পায় জার্মানিরা। তিন গোলে অ্যাসিস্ট করেন জামাল মুসিয়ালা। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। পুরো ম্যাচে দাপট দেখায় ইউলিয়ান নাগেলসমানের জার্মানি। গোলের জন্য তারা শট নেয় মোট ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে। হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

২৭ মিনিটে মুসিয়ালার পাস থেকে গোল দেন ফুলক্রুগ। ৩৩ মিনিটে কাই হাভার্টজের হেড ক্রসবারে লাগে। ৫৮ মিনিটে হাঙ্গেরির কর্নার ক্লিয়ার করে আক্রমণে ওঠে জার্মানি। উইর্টজের বল ধরে বক্সে ঢুকে পড়েন মুসিয়ালা। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোল করেন বায়ার্ন মিউনিখে খেলা এই ফরোয়ার্ড। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন উইর্টজ। ৭২ মিনিটে আবার গোলবঞ্চিত হন হাভার্টজ। এবার তার শট লাগে ক্রসবারে। পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ান দ্বিতীয়ার্ধে বদলি নামা পাভলোভিচ। মুসিয়ালার পাস থেকে গোল করেন। ৮১ মিনিটে সফল স্পট কিকে দলের পঞ্চম গোলটি করেন হাভার্টজ। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হয়েছিলেন।

ম্যাচ শেষে মুসিয়ালা ও উইর্টজের প্রশংসা করেছেন জার্মান কোচ নাগেলমান। ‘তারা দুজন এমন ফুটবলার, যখন তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন এটি দেখতে খুব লাগে। জামাল টুর্নামেন্ট (ইউরো) চলাকালে খুব ভালো ছিল, আজও (শনিবার) ছিল অসাধারণ। (মুসিয়ালা ও উইর্টজ) উভয়েরই ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আছে।’ এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন উইর্টজ। মুসিয়ালা গেল বছর ৩০ জনের তালিকায় ছিলেন।

একই গ্রুপের আরেক ম্যাচে নেদারল্যান্ডস ৫-২ গোলে হারিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে। ডাচদেরও পাঁচ খেলোয়াড় গোল পেয়েছেন। নেদারল্যান্ডসের গোল করেছেন জসুয়া জির্কজে, তিজানি রিজনড্রেস, কোডি গাকপো, ওয়েগহর্স্ট ও জাভি সিমন্স। জির্কজির জাতীয় দলের হয়ে এটি প্রথম গোল। আগামী মঙ্গলবার রাতে নিজেদের মাঠে নেদারল্যান্ডস আতিথেয়তা দেবে জার্মানিকে।

ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। এরপর দায়িত্ব ছাড়েন কোচ গ্যারেথ সাউদগেট। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আছেন লি কার্সলি। তার অধীনে প্রথম মাঠে নেমে জয় পেয়েছে ইংল্যান্ড। ‘বি’ লিগে দুই নম্বর গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ইংলিশদের হয়ে গোল দুটি করেন ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ। প্রথমার্ধেই হয় গোল দুটি। ইংল্যান্ডে খেলার আগে আয়ারল্যান্ডের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন রাইস। তাই গোলের পর আইরিশদের সম্মানে উদযাপন করেননি রাইস। গ্রিলিশও অনূর্ধ্ব-২১ পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন।