ঢাকা ওয়াসার এমডি পদে সহিদের নিয়োগ স্থগিত হাইকোর্টের

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদের নিয়োগ স্থগিত করেছে উচ্চ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে এমডি পদে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ কে এম সহিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

২০০৯ সালে ঢাকা ওয়াসায় এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম এ খান। এরপর কয়েক দফায় তার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত বছরের ১৪ অক্টোবর সপ্তমবারের মতো এই পদে আরও তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ১৪ আগস্ট ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম। পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা ওয়াসায় কর্মরত জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। তবে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান শাহীন খান।