ইউএস ওপেন জিতে ইতিহাস সিনারের

২০০৯ সালের পর ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কেউ, টেলর ফ্রিটজের এমন সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন স্বাগতিক সমর্থকরা। ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হয়ে পুরুষ এককে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা অ্যান্ডি রডিকও। তবে ফাইনালে ফ্রিটজকে ৬-৩ ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেন জিতেছেন ইতালির ইয়ানিক সিনার।

২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান হিসেবে ইউএস ওপেনের এককে শিরোপা জিতলেন। এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। এর আগে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন শীর্ষ বাছাই সিনার।

১৯৭৭ সালে আর্জেন্টাইন টেনিস তারকা গিলের্মো ভিলাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার।

সিনার ইউএস ওপেনে জয়টা উৎসর্গ করেছেন তার অসুস্থ আত্মীয়কে, 'আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি চাওয়া থাকে, সেটি হচ্ছে তার সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।'

ফ্রিটজের সামনে ২১ বছর পর প্রথম আমেরিকান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ ছিল। ১২তম বাছাই ফ্রিটজ বলেন, 'আমি জানি, দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে সেটা পারলাম না।'