রুইজের জোড়া গোলে জয়ে ফিরলো স্পেন

ইউরো ২০২৪ জয়ী স্পেন নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেয়েছিল। গোলশূন্য ড্র করেছিল সার্বিয়ার মাঠে। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরলো স্প্যানিশরা। স্পেন ৪-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। স্পেনের ফাবিয়ান রুইজ করেন জোড়া গোল।

জেনেভাতে ম্যাচের ১৩ মিনিটে হোসেলুর গোলে এগিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুইজ। ২০ মিনিটে লাল কার্ড দেখেন ডিফেন্ডার রবিন লে নরমান্দ। তাতে ১০ জনের দলে পরিণত হয় স্পেন।

প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম থাকার সুযোগ নেয় স্বাগতিক সাইজারল্যান্ড। ৪১ মিনিটে জেকি আমদুনির গোল করেন। তবে ৭৭ মিনিটে রুইজ ফের গোল করলে স্কোর ৩-১ হয়। ৮০ মিনিটে ফেরান তোরেস গোল করলে আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি সুইসরা।

দে লা ফুয়েন্তে বলেন, '১০ জনের দল নিয়ে আমরা ম্যাচটা দারুণ খেলেছি। আমি এই দল নিয়ে গর্বিত। প্রতিনিয়তই দলটাকে ভালো করতে দেখছি, উন্নতি করতে দেখছি আমি।'

নিজেদের গ্রুপে দুই ম্যাচ শেষে স্পেন আছে দুই নম্বরে। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ উঠেছে ডেনমার্ক।