ওভারে ৫ ছক্কার হতাশা ভুলে বাংলাদেশের বিপক্ষে খেলবেন দয়াল

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড রবিবার। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার যশ দয়াল। অথচ এই দয়াল এর আগে শিরোনামে এসেছিলেন আইপিএলের মঞ্চে এক ওভারে ৫ ছক্কা হজম করে।

২০২৩ আসরে আমদাবাদের মাঠে ম্যাচে দয়ালের করা শেষ ওভারে রিঙ্কু সিং পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। সেই ঘটনার পর ভেঙে পড়েছিলেন দয়াল। তার ওজনও নাকি কমে গিয়েছিল। তাকে দল থেকে বাদ দেয় গুজরাট টাইটান্স। তবে ২০২৪ আইপিএলে নিজেকে ফিরে পান বাঁ-হাতি এই পেসার। ২০২৪ আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলে ১৫ উইকেট নিয়ে বুঝিয়েছিলেন নিজের দক্ষতা।

২০২৪ আইপিএলে প্লে-অফে ওঠার ম্যাচে শেষ ওভারে দারুণ বোলিংয়ে বেঙ্গালুরুকে জিতিয়ে আরেকবার খবরের শিরোনাম হন তিনি। ২৬ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৭৬টি।

দুলিপ ট্রফির প্রথম ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট। আইপিএলের পর দুলিপ ট্রফির পারফরম্যান্সেই কপাল খুলেছে দয়ালের। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সুযোগ পেলে কেমন করেন সেটি হবে দেখার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।