ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবাসহ দুজন। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে।
নিহত জয়ন্ত উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা হলেন- জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।
এঘটনা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনো বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। আমরা মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রেখেছি।