ইতালির ভিসাসহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানের বিচারপতির শাহাবুদ্দিন আহমেদ পার্কে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন আবেদনকারীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে দ্রুত ভিসাসহ পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে রাজধানীর গুলশানে গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন হাজারো ভুক্তভোগী। স্লোগানে স্লোগানে বিক্ষোভও করছেন তারা।
আবেদনকারীদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় ৯০ দিন প্রসেসিং সময় দিয়েছিল অ্যাম্বাসি। কিন্তু আবেদনকারীদের অনেকেরই দুই থেকে আড়াই বছর পর্যন্ত পাসপোর্ট ফেরত দেয়নি। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়ায় বিকল্প দেশও তারা যেতে পারছেন না।
সরেজমিনে দেখা যায়, গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উত্তর-পূর্ব কোণে অবস্থান নিয়েছেন কয়েক শতাধিক লোক। এ সময় তারা ‘ভিসাসহ পাসপোর্ট ফেরত চাই’, ‘অপেক্ষার আর সময় নাই’, ‘ইতালির দূতাবাসের ভিসা সেকশনের কর্মদক্ষতা বাড়ানোর জন্য ১০ গুণ লোক চাই,’ ‘দেশের জন্য পরিবারের জন্য একজন রেমিট্যান্স যোদ্ধা হতে চাই,’ ‘ইতালি ভিসা প্রদানের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করো,’ স্লোগান সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন।
২০২৩ সালের ৩০ অক্টোবর কৃষি ভিসার আবেদন করেছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জের সুলতান আহমেদ। ভিসা প্রসেসিং করার সময় তাকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। প্রায় এক বছর হতে চললো এখন পর্যন্ত তাকে আর কোনো আপডেট জানানো হয়নি।
বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বলছে, ইতালি যেতে চাওয়া লক্ষাধিক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটির দূতাবাসে। আবেদনের এক বছর বা তার বেশি সময় পরও ভিসা না পাওয়ায় তারা দেশেও কোনো কাজ করতে পারছেন না। তাই বিষয়টি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।