আলিয়া ভাটের জিগরা সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই সেলিব্রেটিসহ সব মহলের প্রশংসা কুড়াচ্ছে। শ্রদ্ধা কাপুর, যার ‘স্ত্রী ২’ সিনেমা বক্স অফিসে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে, তিনি জিগরার ট্রেলারের প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন।
টিজার-ট্রেলার শেয়ার করে শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘ভাইয়ের সঙ্গে থিয়েটারে দেখার মতো। আলিয়া ভাটকে ট্যাগ করে তিনি লিখেন, ‘আলিয়া, তুমি কী দুর্দান্ত মেয়ে’। ভাসান বালার প্রশংসা করে শ্রদ্ধা লিখেছেন, ‘কি অসাধারণ ট্রেলার’।
এরপরই ভাসান বালা ও আলিয়া ভাট তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধার সেই পোস্টের জবাব দিয়েছেন। শ্রদ্ধা কাপুরের পোস্টটি শেয়ার করে ভাসান বালা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ শ্রদ্ধা। আশা করি তুমি এবং সিদ্ধান্ত (শ্রদ্ধার ভাই) ছবিটি উপভোগ করবে। তবে এই সুযোগে আমি বলব— তোমার ভক্তদের কাছে ভুলের জন্য দুঃখিত।’
এর আগে ‘স্ত্রী ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রশংসামূলক পোস্ট শেয়ার করেছিলেন ভাসান বালা। সেই পোস্টে তিনি শ্রদ্ধা কাপুর বাদে সিনেমাটির সব শিল্পীর নাম উল্লেখ করেছিলেন। শ্রদ্ধা কাপুরের ভক্তরা বিষয়টিকে ভালোভাবে নেননি। তারা ‘মর্দ কো দর্দ নেহি হোতা’র পরিচালকের তীব্র সমালোচনা করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভাসান বালার এ ক্ষমা প্রার্থনা।
আলিয়া ভাটও তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হাহাহা ধন্যবাদ আমার ব্লকবাস্টার স্ত্রী।’
২০২২ সালের নেটফ্লিক্স থ্রিলার-কমেডি ডার্লিংসের পর আলিয়া ভাটের দ্বিতীয় প্রযোজনা জিগরা। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছেন তিনি। জিগরা ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন ভাসান বালা।
এদিকে ‘স্ত্রী ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড করছে। বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৫৪০ কোটি টাকা আয় করেছে ছবিটি। সিনেমাটিতে ২০১৮ সালের সিক্যুয়েল অনুযায়ী পুনরায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি ও অপারশক্তি খুরানা। সিনেমায় বরুণ ধাওয়ান এবং অক্ষয় কুমার অতিথি চরিত্রে অভিনয় করেছেন।