বাড্ডা থানা থেকে লুট হওয়া পিস্তলসহ তরুণ গ্রেপ্তার কুমিল্লায় 

আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা চালিয়ে লুট করা পুলিশের একটি পিস্তলসহ কুমিল্লায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন এবং ৮ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম তুহিন আলম (১৯)।

তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তুহিন রাজধানীর উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন।

র‌্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত ৫ আগস্ট তুহিনসহ দুষ্কৃতিকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করে। একপর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্রা লুটপাট ও ধ্বংস করে তারা। ওই সময় তুহিন আলম উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসেন ওই তরুণ। পরে র‌্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।