পোশাক কারখানায় শ্রমিকদের উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়। 

ইসতিয়াক কেন্দুয়া উপজেলার বাদে আঠারবাড়ী গ্রামের বাসিন্দা। সোমবার রাতে নেত্রকোনার পুলিশ সুপার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়। তাকে সোমবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, তিনি বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয় শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।