সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমারসহ লাগাতার হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা সীমান্তে লাগাতার হত্যা, সময়ে-অসময়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যা সৃষ্টি ও বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসন রুখে দিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আন্তর্জাতিক আদালতে মামলা করার জোর দাবি জানানো হয়।

শিক্ষার্থী আমানউল্লাহ খান বলেন, ‘ফেলানী থেকে শুরু করে সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর সুষ্ঠু বিচার করতে হবে। সীমান্তে আর হত্যাকান্ড দেখতে চাই না। অন্তবর্তীকালীন সরকারকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।’

শিক্ষার্থী ফুয়াদ রাতুল বলেন, ‘স্বর্ণা দাস ও জয়ন্ত তারা দুজনই নাবালক, নিরপরাধ। পৃথিবীর কোনো সভ্য দেশ নিরস্ত্র, নিরপরাধ মানুষকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে পারে না। মানবাধিকার লঙ্ঘন ভারত দীর্ঘদিন ধরে করে আসছে। এই সমাবেশ থেকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই নিপীড়নকারী দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে বিচার নিশ্চিত করা হোক।’

শিক্ষার্থী রাকিব হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী অনুপম রায়, বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলিফ প্রমুখ। 

প্রসঙ্গত, সোমবার ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া  সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা দাস (১৬) নামের এক কিশোরী।