বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘শেখ হাসিনা দেশের বাইরে থেকে বিচারপতিদের দিয়ে, আনসারদের দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে।’ গতকাল সোমবার কুড়িগ্রাম নিউ টাউন হলে জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
দেশের পরবর্তী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. ইউনূস সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কারে যৌক্তিক সময় চেয়েছেন। জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোও তাতে সমর্থন জানিয়েছে।’
জামায়াতের সেক্রেটারি বলেন, সারা দেশে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারগুলো জামায়াতে ইসলামীর পরিবার।