খুলনা ও ভোলা জেলা পরিদর্শন নৌবাহিনী প্রধানের

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার তিনি খুলনা ও ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকা- পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন। সবার সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই মধ্যে নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় অঞ্চলে থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানায় পুলিশকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করছে নৌবাহিনী। বিজ্ঞপ্তি