প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল করে মেধাবী নারী-পুরুষদের নিয়োগ নিশ্চিতসহ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩, তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম) চূড়ান্ত ফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী আন্দোলনকারীরা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী আন্দোলনের সমন্বয়ক আবু জাফর মো. আবু সালেহ।

তিনি বলেন, গত ২৯ মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় আমরা ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হই। গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু প্রায় তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফল প্রকাশিত হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে ওই নিয়োগের ক্ষেত্রে মহিলা ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ ও পুরুষ ২০ শতাংশ ধার্য রয়েছে, যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি। কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দুই দফা দাবি পেশ করছি, যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে আগামী ৭২ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে।