খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

খুলনায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বয়রাস্থ খুলনা কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— রাব্বি, আশরাফুল ও মামুন। তারা রড মিস্ত্রির কাজ করতেন। তাদের মরদেহ খুলনা মেডিকাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পারেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছে। ওরা তিনজন কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজনের বাড়ি পঞ্চগড়ে। আরেকজনের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।