পাকিস্তানের ক্রিকেটে নাটক চলতেই থাকে। প্রায় প্রতিটি সিরিজের পরই দলে চলে রদবদল। তাছাড়া গত এক বছর ধরে অধিনায়কত্ব পরিবর্তন করা পিসিবির কাছে যেন ডাল-ভাত হয়ে গেছে। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে ধবলধোলাই হওয়ার পর আবারও দুই অধিনায়ক শান মাসুদ আর বাবর আজমের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে টানাটানি। এমন খারাপ সময়ে দুই কোচকে পাশে পাচ্ছেন বাবর-মাসুদ।
গত কয়েকদিন ধরেই পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন, সাদা বলের অধিনায়ক বাবর এবং টেস্ট অধিনায়ক শান মাসুদকে সরিয়ে তিন ফরম্যাটেই মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হবে। তবে পিসিবির সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, বাবর ও শান মাসুদকে আরও সময় দিতে চান পাকিস্তান দলের দুই কোচ গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি।
পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে কোনো আলোচনাই হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তের ভার দুই কোচ ও নির্বাচকদের হাতে ছেড়ে দিয়েছেন। শান মাসুদ ও বাবর আজম অধিনায়ক হিসেবে কেমন- সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে তাদের লম্বা সময় দেওয়ার বিষয়ে দুই কোচ একমত।’
আগামী ২৩ সেপ্টেম্বর কানেকশন বা সংযোগ ক্যাম্পের আয়োজন করেছে পিসিবি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্রিকেটারদের পারফর্মেন্সের পর্যালোচনা করাই এর উদ্দেশ্য। এই ক্যাম্প নিয়ে পিসিবির সেই সূত্র বলেছে, ‘সব স্টেকহোল্ডারদের মতামতের জন্যই কর্মশালার আয়োজন করা হচ্ছে, বিশেষ করে ঘরোয়া দলগুলোর কোচ, নির্বাচক ও কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের। এর উদ্দেশ্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মানের পার্থক্য কমিয়ে আনা।’