পেট্রোবাংলায় তিতাস গ্যাস কর্মীদের হামলা-ভাঙচুর

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে প্রতিষ্ঠানটির কিছু কর্মী পেট্রোবাংলায় হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৩ জন কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা প্রধান কার্যালয় পেট্রো সেন্টারে ঢুকে ব্যাপক ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। প্রায় পৌনে এক ঘণ্টা তারা তাণ্ডব চালান বলে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তি ৯ সেপ্টেম্বর বাতিল করে দেয় মন্ত্রণালয়। এরপর তিতাস গ্যাসে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শাহনেওয়াজ পারভেজকে চলতি দায়িত্ব দেওয়া হয়। শাহনেওয়াজ পারভেজ সৎ ও দক্ষ হিসেবে সবার কাছে পরিচিত। যা তিতাস গ্যাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য শঙ্কার অন্যতম কারণ বলে মনে করছে অনেকে।

তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিতাসের কয়েকজন দূর্নীতিবাজ কর্মকর্তার ইন্ধনে ওই হামলা চালানো হয়। কারণ শাহনেওয়াজ থাকলে তারা দুর্নীতি করতে পারবেন না।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তিতাসের কর্মীদের সঙ্গে বহিরাগত কর্মীরাও হামলায় অংশ নিয়েছে। তারা কর্মচারীদের মারধর এবং কর্মকর্তাদের গালাগালি করে মারতে উদ্যত হয়।

তাদের দাবি তিতাসের কর্মকর্তাদের ভেতর থেকে এমডি নিয়োগ দিতে হবে। কিন্তু তিতাসের কর্মকর্তাদের মধ্যে  এমডি পদে জেষ্ঠ্যতার তালিকায় ৫০ জনেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা করে একশ্রেণির লোকজন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে।