নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত গ্রেটার নয়ডা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্টেডিয়ামের আউটফিল্ড, পানি নিষ্কাশন ব্যবস্থা নিম্মমানের। নেই আধুনিক প্রযুক্তিও।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও সংবাদে দেখা যাচ্ছে, নয়ডার মাঠ শুকাতে ব্যবহার করা হচ্ছে স্ট্যান্ড ফ্যান! অন্তত তিনটি স্ট্যান্ড ফ্যান নিয়ে মাঠকর্মীদের কাজ করতে দেখা গেছে। পাশেই আছে ফোম এবং কাপড়। মাঠ শুকানোর সনাতনী ব্যবস্থা বলতে যা বোঝায় তাই। আউটফিল্ডে শুধু রোলার ব্যবহার করা হচ্ছে।
মাঠের কিছু জায়গায় কৃত্রিম ঘাস তুলে ফেলা হয়েছে যন্ত্রের সাহায্যে। সেই ঘাসের নিচে জমে থাকা পানি শুকানোর চেষ্টা করা হচ্ছে। পিচ শুকানোর জন্য মাদুরের মতো দেখতে বড় কাপড় ব্যবহার করা হয়েছে। এছাড়া চটের মাদুর তো আছেই। একটা টেস্ট ম্যাচের আগে এসব কাণ্ড দেখে দুই দলের ক্রিকেটারদের মাঝেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
তালেবান আক্রান্ত আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। তাই ভারতকেই ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহার করে আফগানরা। নয়ডায় এই কাণ্ডের পর আফগান ক্রিকেট দলের এক কর্মকর্তা ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’কে বলেছেন, ‘বাজে একটা জায়গা। এখানে আর কখনো আসব না। ক্রিকেটাররাও খুব অখুশি।’