এতদিন যেটা সম্ভাবনা হয়ে ছিল, পাকিস্তান সফরে সেটাই বাস্তব হওয়ার পথে। বাংলাদেশ পেয়েছে দারুণ এক গতিতারকা, যে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। তিনি নাহিদ রানা। সাধারণত তরুণ গতি তারকাদের আইডল হিসেবে থাকেন শোয়েব আখতার কিংবা ব্রেট লির মতো কিংবদন্তিরা। তারা তাদের মতো হতে চান। কিন্তু নাহিদ রানা উল্টো। তিনি হতে চান নিজের মতোই।
বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় ‘কার মতো হতে চান’ –এমন প্রশ্নে নাহিদ বলেছেন, ‘আমি কারও মতো হতে চাই না। আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। ১৫২ কিলোমিটার গতিতেও বল করেছেন। সেই নাহিদ জানালেন, জোরে বোলিং করা তার লক্ষ্য ছিল না, ‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।’
আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সেই সিরিজেও নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছেন নাহিদ, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’