সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে নিদের্শনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। এ জন্য শুধু আমি বলব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি। ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা ঘটবে না বলে আশা রাখছি।’

তিনি বলেন, ‘পূজার সময় দেখা যায় এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক, এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে আমাদের লোক পূজা দেখার জন্য ওপারে না যায়। ওপারের লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।’

এসময় স্বরাষ্ট উপদেষ্টা সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য-সহযোগিতা করবেন।’