প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাবিকে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর হত্যা

প্রথমে ভাবিকে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব। সেটা মেনে না নেওয়ায় বিয়ের প্রস্তাব। তাতেও প্রত্যাখ্যাত হয়ে অবশেষে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দেবর ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার রাতে ভারতের গুজরাটের বরোদার একটি জঙ্গল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন ওই নারী। সোমবার রাতে বরোদায় একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা সকলেই ওই নারীর গ্রাম এবং আশাপাশের এলাকার। তদন্তকারীরা সন্দেহ করছেন, ওই নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে তোলার জন্য তার দেবর চাপ সৃষ্টি করছিলেন। শুধু তাই নয়, তাকে বিয়ের জন্যও চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু ওই নারী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পুলিশের অনুমান, সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় সঙ্গীদের নিয়ে নারীর উপর হামলা চালান দেবর।

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, হামলার হাত থেকে বাঁচতে ওই নারী পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধাওয়া করেন দেবর ও তার সঙ্গীরা। বরোদার কাছে একটি জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়।