গাজীপুরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে বেশকিছু কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কতৃর্পক্ষ।
আজ সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় শ্রমিকদের আন্দোলন শুরু হয়। দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ—২ এর পুলিশ সুপার সারোয়ার আলম ২৫টি কারখানায় ছুটি ঘোষণার কথা নিশ্চিত করেছেন।
সকাল ৮টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকার এলিগ্যান্টস গার্মেন্টসের শ্রমিকরা তাদের আগস্ট মাসের পুরো বেতন পরিশোধ, ওভারটাইমের টাকা প্রদানসহ বিভিন্ন দাবিতে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মিছিলসহকারে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ—২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, মঙ্গলবার বিভিন্ন দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা নানা দাবি নিয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবির সাথে মিলে পুলিশ কাজ করছে।