বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘাতক সন্দেহে আরেক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
গত সোমবার রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুটি হত্যাকান্ড ঘটে।
নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। আর গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম লেদো (৩৬)। তবে তার বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান রাত ৮টার দিকে গোকুল ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ছয় থেকে সাতজনের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে মিজান ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। কয়েক মাস আগেও মিজানকে হত্যার জন্য তার ওপর হামলা করা হয়েছিল।
এলাকাবাসী জানান, মিজানের হামলায় ঘটনায় রাত ১০টার দিকে সন্দেহভাজন লেদোকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভর্তির আগেই সেখানে উপস্থিত বিক্ষুব্ধ লোকজন লেদোকে ফের বেদম মারপিট করে। এরপর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ বলেন, হত্যাকা-ের তদন্তের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। একাধিক পুলিশ কর্মকর্তা কাজ শুরু করেছেন। খুব দ্রুত এ হত্যাকা-ের রহস্য উদঘাটন করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।