দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে পাঁচজন রোগী মারা গেছে। এই বছরে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে একদিনে এর চেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছিল গত বছরের ১৩ ডিসেম্বর।
এ নিয়ে চলতি মাসের গত ১০ দিনে ডেঙ্গুতে ১৯ জন মারা গেল। এটা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে আগস্টে ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা দক্ষিণ সিটি, ঢাকা উত্তর সিটি ও খুলনা বিভাগে একজন করে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশে ডেঙ্গুতে মৃত্যু একশ ছাড়িয়েছে। এবছর মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে ৫৮ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ১৪ জন, বরিশালে ১০ জন, ঢাকা উত্তর সিটিতে নয়জন, খুলনায় পাঁচজন, ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।