কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক চলছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) বিতর্ক শুরু হয়।
বিতর্কে অর্থনীতি, ইসরায়েল, ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি উঠে আসে মার্কিন নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি। বিতর্কে এ বিষয়ে একে অপরের দলের নীতিকে দোষারোপ করেছেন দুই প্রার্থী। খবর বিবিসি।
বিতর্কে গর্ভপাতের বিষয়ে ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা নয় মাসের গর্ভাবস্থায় গর্ভপাতের অধিকার দিতে চায়। গর্ভপাতের অধিকারের পক্ষে ডেমোক্রেটদের অবস্থান বেশ জোরালো। এমনকি কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ নয় মাসের গর্ভাবস্থায়ও গর্ভপাতের অধিকার দেওয়ার পক্ষে কথা বলেছেন।
নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি নিষ্পত্তির অধিকার অঙ্গরাজ্য পর্যায়ে ফিরিয়ে আনতে সহায়তা করবেন বলেও জানান সাবেক প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, কিছু কিছু অঙ্গরাজ্য জন্মের পর নবজাতককে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়।
তবে ট্রাম্পের এ বক্তব্যের বিপরীতে বিতর্কের উপস্থাপক জানান, ‘আমেরিকাতে এমন কোনো অঙ্গরাজ্য নেই, যেখানে জন্মের পর কোনো শিশুকে হত্যা করা বৈধ।‘
ট্রাম্পের অভিযোগের পর বক্তব্য দেন কমলা হ্যারিস। তিনি বলেন, এই দেশে এমন কোনও রাজ্য নেই যেখানে একটি শিশুর জন্মের পরে হত্যা করা বৈধ।
হ্যারিস উল্লেখ করেন, ট্রাম্প সুপ্রিম কোর্টে যে তিন বিচারপতিকে নিয়োগ করেছিলেন, ‘তারাই দুই বছর আগে নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নিয়েছিল।‘
ট্রাম্পের উদ্দেশে কমলা বলেন, ‘আপনি বলেন, মানুষ এটাই চেয়েছিল? কিন্তু এমনও ঘটনা ঘটেছে যে পার্কিং লটে গাড়িতে সন্তানসম্ভবা নারীর রক্তপাত হয়েছে। কারণ, তাঁরা গর্ভপাত করার অনুমতি পাননি।’
এমন সময় আবেগপ্রবণ হয়ে উঠেন ভাইস প্রেসিডেন্ট কমলা। তিনি বলেন, নারীরা এটা চায় না।