মহা বেকায়দায় আছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কোপা আমেরিকায় ব্যর্থতার পরও তার চাকরি টিকে গিয়েছিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিলের যা পারফর্মেন্স, তাতে দরিভালের চাকরি নাকি সুঁতায় ঝুলছে। বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে ব্রাজিল। তার ওপর ম্যাচের আগে বিশ্বকাপ ফাইনাল খেলার কথা বলে দরিভাল হয়েছেন হাসির পাত্র।
বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হেরেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচে তাদের পারফর্মেন্স ছিল ছন্নছাড়া। প্রতিপক্ষ প্যারাগুয়ে ফিফা র্যাংকিংয়ে ৫৭ ধাপ পিছিয়ে। এলোমেলো ফুটবল খেলা ব্রাজিল ম্যাচে ৭১ শতাংশের বেশি সময় বল দখলে রাখলেও কাজের কাজ কিছুই হয়নি। গোলের জন্য ৯ শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।
অথচ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দরিভাল জুনিয়র বলেছিলেন, ‘আমার মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনি লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলব, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’
মাঠের খেলায় ব্রাজিলের হারের পর দরিভাল জুনিয়রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ঠাট্টা-মশকরা। খোদ ব্রাজিল সমর্থকেরাই এই কোচকে বরখাস্ত করার দাবি জানাচ্ছেন। আগামী বিশ্বকাপের আগে আর মাত্র দুই বছর বাকি। সমর্থকদের অভিযোগ, এখনো দলকে ট্র্যাকে ফেরাতে পারেননি দরিভাল। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে বর্তমান অবস্থা ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়।