কাশিমপুরে কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় আগুন নিয়ন্ত্রণে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কারখানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বেক্সিমকো কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে। তারা রাস্তাও অবরোধ করে রাখে। বেলা ১২ টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস নামে কারখানায় আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়ে রেখেছে। এখন পর্যন্ত আগুন জ্বলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। ফের কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।