লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

‘লোডশেডিং কমিয়ে দে, নইলে চাকরি ছেড়ে দে’ স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-জনতা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর জোনাল অফিসের সামনে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত কয়েকদিনে বিদ্যুতের অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। লোডশেডিংয়ের প্রতিবাদে ছাত্র জনতা মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান ও বক্তব্য দেয়। 

এসময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপজেলায় এক থেকে দেড় ঘণ্টা পর লোডশেডিংয়ের নিয়ম থাকলেও বেশিরভাগ সময়ই তা প্রতিফলিত হয় না। কোথাও এক থেকে দেড় ঘণ্টা পরপর কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ দেয়া হয়। আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা  বিদ্যুৎ থাকে না। এতে বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজ মারাত্মক ভাবে ব্যাঘাত ঘটছে। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।’ 

এ ব্যাপারে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হরিরামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সামিউল কবির আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে লোডশেডিং ও বিদ্যুতের সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করেন। এসময় তিনি সবাইকে সমস্যা সমাধানে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।