নেত্রকোণায় খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ডিলার আটক

নেত্রকোণার কলমাকান্দায় ২৯ বস্তা চালসহ আমিরুল ইসলাম (৩৫) নামের এক খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে চাঁন্দুইয়াল সেতুর পাশ থেকে চালসহ স্থানীয়রা তাকে আটকে থানায় খবর দিলে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় শহীদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে তাকে নেত্রকোণা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

আমিরুল কলমাকান্দা সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক ও সন্ধাহালা গ্রামের আ. মুতালিবের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার আমিরুল ইসলাম কলমাকান্দা সদর ইউনিয়নে খাদ্যবান্ধব পণ্য চাল বিতরণ করছিলেন। চাল বিতরণকালে নিয়ম বহির্ভূতভাবে তিনি কার্ডধারীদের কাছ থেকে চালগুলো ক্রয় করে মজুদ করেন। মজুদকৃত চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় শহীদুল্লাহ নামের একজন তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা আটক করে আমিরুল ইসলামকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় শহীদুল্লাহ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে তাকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ জানান, সরকারি চালসহ আমিরুল নামের একজনকে আটক করা হয়েছে। রাতেই শহীদুল্লাহ নামের একজন বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।