সারা দেশের হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে অর্ধশত রোগী। তাদের দেখতে হাসপাতালটি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা মেডিকেলে যান। এ সময় রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাদের দ্রুত হাসপাতলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এদিকে, হাসপাতালটির ডেঙ্গু ইউনিটের (পুরুষ) নার্সিং ইনচার্জ নাজনিন নাহার জানান, জুলাই মাসের ১৫ তারিখে নতুন করে ডেঙ্গু ইউনিট চালু করা হয় নতুন ভবনের ৪র্থ তলায়। এরপর থেকে আজ পর্যন্ত ৪২৮ জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তবে এখানে শুধু পুরুষ রোগী। ডেঙ্গু ইউনিটে (পুরুষ) এখন ভর্তি রয়েছে ৩৮ জন। মারা গেছেন একজন। নারী রোগীরা মেডিসিন বিভাগে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ৮০২ ওয়ার্ড ৬ জন ও ৭০২ নম্বর ওয়ার্ডে ৩ জন নারী রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, গত ৩ সপ্তাহ ধরে আক্রান্তের হার বাড়ছে। আর সবচেয়ে বেশী রোগী আসছে কামরাঙ্গীরচর, লালবাগ, মিরপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকা থেকে।