নতুনদের মধ্যে এই সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অল্প সময়ের ক্যারিয়ারেই পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। কাজ করেছেন হাতেগোনা কয়েকটি কিন্তু দর্শক প্রিয়তায় তরুণ-তরুণীদের মধ্যে অনেকটাই এগিয়ে।
কিছুদিন আগেই উন্মুক্ত হয়েছে তার অভিনীত ‘অবুঝ পাখি’ নাটক। রুবেল হাসান পরিচালিত এই নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। মুক্তির পর দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এই ত্রয়ীর প্রথম কাজ।
নাজনীন নীহা দেশ রূপান্তরকে বললেন, ‘নাটকটির শুটিং করেছিলাম অনেক দিন আগে। এই পরিচালক এবং সহশিল্পীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। মাঝে দেশের অবস্থা অস্থিতিশীল থাকায় কাজটি রিলিজ হয়নি। গত সপ্তাহে উন্মুক্ত হয়েছে। দর্শকরা কাজটি ভীষণ পছন্দ করেছেন।’
এদিকে অনেক দিন পর শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন। তবে নাটকটিতে তার সঙ্গে কে জুটি বেঁধেছেন সেটি চমক হিসেবেই রাখতে চাইছেন। শুধু বললেন, আমি তো বলতেই চাই আমার কাজ নিয়ে। কিন্তু প্রোডাকশন হাউজ কিংবা পরিচালকের নিষেধ থাকায় বলতে পারছি না। তারাই হয়তো জানাবেন।
চলতি মাসে আরও একটি নতুন নাটকের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন নীহা। এটি পরিচালনা করবেন জাকারিয়া সৌখিন। তার আগে একই পরিচালকের সঙ্গে ‘মন দুয়ারী’ নাটকের বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানা গেছে। কয়েক দিন শুটিং হওয়ার পর কাজটি বন্ধ হয়ে যায়। বাকি অংশের শুটিং চলতি মাসেই শেষ করবেন বলে জানিয়েছেন।
নাটকের ফাঁকে প্রায়ই বিজ্ঞাপনে হাজির হন নীহা। এর মধ্যে কিছু বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন তিনি। সামনেও নতুন বিজ্ঞাপন ও নাটকের কাজ নিয়ে কথা হচ্ছে বলে জানালেন এই অভিনেত্রী।