বাংলাদেশ-ভারতের ‘ইলিশ কূটনীতিতে’ ধাক্কা

বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুই দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশের প্রিয় মাছ ইলিশ। বছরজুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। আসছে অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে উৎসবের প্রস্তুতি নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা। রাজ্যের এই পূজায় ইলিশ মাছ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

ঢাকায় সম্প্রতি অন্তর্বতী সরকার গঠিত হওয়ার এক মাস পর ইলিশ রপ্তানি নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বাংলাদেশের বর্তমান সরকারের এই সিদ্ধান্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ইলিশ কূটনীতি’থেকে স্পষ্ট বিচ্যুতি হিসেবে দেখছে বিবিসি। শেখ হাসিনা দুর্গাপূজার মৌসুমে ভারতে ইলিশ মাছ পাঠাতে অনুমতি দিতেন।

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ‘আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত। তারা এটাকে উপহার বলত। এইবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানি করার অনুমতি দেওয়া হলে আমাদের দেশে ঘাটতি দেখা দিবে।’

ভারতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকার নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ার ভারতের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। ভারতের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ও মিত্র। বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যসমূহের সীমান্ত নিরাপত্তার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।